স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ডিসেম্বর : স্মার্ট সিটিতে প্রানীয় জল সঙ্কট অন্যতম কারণ। তাই জল সঙ্কট নিরসনের জন্য মঙ্গলবার আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড এলাকায় পরিশোধিত পানীয় জল পৌঁছাচ্ছে কি না, সে বিষয় নিয়ে এইদিনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় পুর নিগমের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের সকল কর্পোরেটর, জল বোর্ডের আধিকারিক সহ পুর নিগমের আধিকারিকরা। এক সাক্ষাৎকারে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা পুর নিগমের কিছু কিছু ওয়ার্ড এলাকায় পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা রয়েছে।
তাই এইদিন আগরতলা পুর নিগম ও জল বোর্ডের আধিকারিকদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে সকল এলাকায় পানীয় জল সরবরাহের সমস্যা রয়েছে সেই সকল এলাকায় কি ভাবে পানীয় জল সরবরাহ করা যায় তা নিয়ে এইদিন আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত পুর নিগম এলাকার ১৭ হাজার ৩৭৭ টি পরিবারে পানীয় জলের সংযোগ প্রদান করা যায় নি। এই পরিবার গুলিতে পানীয় জল সরবরাহ করার জন্য প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। বর্তমানে স্মার্ট সিটির কাজের ফলে অনেক গুলি সমস্যা দেখা দিয়েছে। যেমন জল, গ্যাসের লাইন কেটে যাওয়া। জল বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ আসলে যেন সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযোগকারীকে সমস্যা সমাধানের বিষয়ে অবগত করা হয়।

