স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ডিসেম্বর : কল্যাণপুর স্থিত দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর বাজারে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পতে রক্ষা পেলেন রেশন ডিলার সহ বেশ কয়েকজন ভোক্তা। রেশন দোকানের ঠিক পাশেই থাকা বহু বছরের পুরনো একটি বটগাছ হঠাৎ ভেঙে দোকানের উপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো দোকান ঘর।
বটগাছের বিশাল শাখার নিচে আটকে পড়েন রেশন ডিলার উমাপদ দাস। তাঁর চিৎকার শুনে ছুটে আসে আশপাশের মানুষ। স্থানীয়দের তৎপরতায় রেশন ডিলারকে কোনোভাবে উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয়দের অভিযোগ, এই বট গাছটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে ছিল। পঞ্চায়েতের মাধ্যমে বনদপ্তরকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের ঘটনার পর সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে। ঘটনার পরে বাজারের বাসিন্দারা পুনরায় দাবি জানিয়েছেন সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে বনদপ্তর যেন দ্রুত এই বিপজ্জনক গাছটির ডাল ছাঁটাই করে।

