স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ডিসেম্বর : প্রতিবছর ৬ ডিসেম্বর দিনটি সমগ্র দেশে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস হিসাবে উদযাপন করা হয়। একইভাবে শনিবার রাজ্যেও ৬৩ তম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। এদিন সকালে এ ডি নগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি গ্রাউন্ডে ৬৩ তম সারা ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর স্থাপনা দিবসে যৌথ বাহিনীর কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, রাজ্যের স্বেচ্ছাসেবক, আপদামিত্র, উর্দিধারী কর্মীরা ও হোম গার্ডেরা সারা বছর বিপর্যয় ব্যবস্থাপনার কাজে সক্রিয়ভাবে জড়িত।
রাজ্যের বর্তমানে পাঁচ হাজার সিভিল ডিফেন্স প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছে। জেলাস্তরে করে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চলছে। আগামী দিন মোট জনসংখ্যার এক শতাংশ স্বেচ্ছাসেবক পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী দিন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের বিপর্যয়ের সময় ব্যবহার করা হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের প্রত্যেক জেলায় এখন আপদামিত্র স্বেচ্ছাসেবক রয়েছে। বর্তমানে ত্রিপুরায় ২৫০০ জন প্রশিক্ষিত আপদামিত্র স্বেচ্ছাসেবক রয়েছে। অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্যারেড প্রদর্শনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে প্রদর্শন করা হয়েছে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্যের পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

