স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ নভেম্বর : খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী স্কুলের উপজাতি ছাত্রাবাসের সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে সরকারী কর্তব্য পালনের গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠেছে। স্কুলের শিক্ষক কিশোর দেববর্মা উপজাতি ছাত্রাবাসের সুপারিনটেনডেন্টের দায়িত্বে নিয়োজিত আছেন।ছাত্রাবাসের কমপ্লেক্সের ভেতরেই ওনার সরকারী আবাস রয়েছে। এই আবাসেই ছাত্রাবাসের সুপারিনটেনডেন্টের থাকার কথা। এটাই সরকারী নীতি নির্দেশিকা।
কিন্তু খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণী স্কুলের শিক্ষক কিশোর দেববর্মা সুপারিনটেনডেন্টের জন্য নির্দিষ্ট সরকারী আবাসে থাকেন না। তিনি প্রতিদিন আগরতলা থেকে ডেইলি প্যাসেঞ্জারী করে স্কুলে আসেন বেলা এগারোটায়। আবার স্কুল ছুটির পর বিকেল চারটা নাগাদ চলে যান আগরতলার বাড়ীতে। স্কুলে আসার পর এক দুই ঘন্টার জন্য যান ছাত্রাবাসে।ছাত্রাবাসের সুপারিনটেনডেন্ট আগরতলা থেকে খোয়াইয়ে নিত্যযাত্রী হওয়ার সুবাদে ছাত্রাবাসে চুড়ান্ত অনিয়ম চলছে বলে অভিযোগ আবাসিক ছাত্রদের। ছাত্রাবাসের আবাসিকদের অভিযোগে জানা গেছে যে, তাদেরকে প্রতিদিন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে।যা তাদের স্বাস্থ্য সুরক্ষার পক্ষে খুবই ক্ষতিকর।প্রতিদিন নাকি ভাতের সাথে শুকনো মাছ খাওয়ানো হচ্ছে। অথচ সপ্তাহে দুদিন করে মাছ, মাংস ও ডিম খাওয়ানোর কথা।
আর খাবারের মেন্যুতে প্রতিদিন ডাল সব্জি থাকার কথা।আবাসিক ছাত্ররা জানায় যে, সকালে কোন ধরনের প্রাতঃরাশ দেওয়া হয়না। সকাল আটটায় ভাত দিয়ে দেওয়া হচ্ছে। সকাল সাড়ে দশটায় তারা স্কুলে যাচ্ছে। আবার রাত আটটায় ভাত দেওয়া হয়। কিন্তু এই বারো ঘন্টার মধ্যে আর কোন খাবারই দেওয়া হয় না। ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের অভিযোগ আরো মারাত্মক।নিম্নমানের খাবার সহ অনিয়ম সংক্রান্ত কোন অভিযোগ করলে তাদের ওপর হাত তুলতেও দ্বিধা করেন না ছাত্রাবাসের পাচক। এমনই অভিযোগ উঠেছে আবাসিকদের তরফ থেকে। এমনকি কোন আবাসিক যদি ভাত খাওয়ার সময় থালায় সামান্য ভাত সবজি অবশিষ্টাংশ পড়ে থাকে তাহলে সুপারিনটেনডেন্ট নাকি ছাত্রদের কাছ থেকে আর্থিক জরিমানা করেন।

