Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য বিজেপি-কে মেরে, আগুন জ্বালিয়ে কেউ হজম করতে পারবে না, মথাকে সতর্ক করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

বিজেপি-কে মেরে, আগুন জ্বালিয়ে কেউ হজম করতে পারবে না, মথাকে সতর্ক করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

বিজেপি-কে মেরে, আগুন জ্বালিয়ে কেউ হজম করতে পারবে না, মথাকে সতর্ক করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর :মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্ত বাহিনীর পক্ষ থেকে মান্দাই মন্ডল কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার ছবি পুড়িয়ে ফেলা হয় এবং ভাঙচুর চালানো হয়। এর বিরুদ্ধে সরাসরি আঙ্গুল উঠেছে তিপরা মথার দিকে। এই ঘটনার প্রতিবাদে বুধবার মন্ডল কার্যালয়ের উদ্যোগে মান্দাই বাজারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মান্দাই থানায় একটি ডেপুটেশন প্রদান করা হয়।

 ডেপুটেশনে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ মন্ডল নেতৃত্ব। পরে ঘটনাস্থল পরিদর্শন করে এক সাক্ষাৎকার দিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিজেপি-র দলীয় কার্যালয়ে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না। বিশেষত দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি পুড়িয়ে দেওয়া নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য ঘটনা। রাতে অন্ধকারে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ এভাবে হামলা চালায়—এর মধ্য দিয়েই বোঝা যায় যে কিছু শত্রুপক্ষ জনগণের উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ড বন্ধ করে দিতে চায়। তিনি আরও বলেন, জনগণের স্বার্থে পরিচালিত উন্নয়নমূলক ভাবনাকে ধ্বংস করার চক্রান্ত করছে। এমন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, বিজেপিকে মেরে, আগুন জ্বালিয়ে কেউ হজম করতে পারবে না।

 বিজেপির শ্রেষ্ঠ পার্টি। সুতরাং মাঠে ময়দানে প্রস্তুত থাকতে মথার উদ্দেশ্যে বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। একই সাথে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন। কেউ রেহাই পাবেন না। একই সাথে মথার উদ্দেশ্যে বলেন, আর কয়েকদিন বাদেই দুর্গাপূজা। জাতি জনজাতির সব অংশের মানুষের জন্য এই দুর্গা উৎসব। যারা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করছে তারা যাতে সতর্ক থাকেন। সময় থাকতে বিরত হতে আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি বলেন, যারা বিজেপি দলীয় কার্যালয়ে আগুন জালিয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান