স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১ সেপ্টেম্বর।। স্লগ সুইপ করে আকাশে বল তুলে দিলেন টিম সাইফার্ট। তিনজন ফিল্ডার ছুটলেন ক্যাচ নিতে, কিন্তু বিস্ময়করভাবে কেউই সময়মতো পৌঁছাতে পারলেন না। নষ্ট হলো ঝড়ের আভাস দেওয়া ওপেনারকে ফেরানোর সুযোগ। রেগে গিয়ে রুমাল ছুঁড়ে মারলেন বোলার সাকিব আল হাসান। ‘জীবন’ পেয়ে নিজের ইনিংসকে পূর্ণতা দিলেন সাইফার্ট। ৪০ বলে সেঞ্চুরি ছুঁয়ে বসলেন আন্দ্রে রাসেলের পাশে। স্পর্শ করলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে রোববার ৬ উইকেটে জিতেছে সেন্ট লুসিয়া কিংস। ২০৫ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে ১৩ বল বাকি থাকতে। এতে বড় ভূমিকা সাইফার্টের। ৫৩ বলে ৯ ছক্কা ও ১০ চারে ১২৫ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। চতুর্থ ওভারের সেই ঘটনার সময় ১১ বলে ৩০ রানে ছিলেন তিনি। ২০১৮ সালে সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন রাসেল। ত্রিনবাগো নাইটরাইডার্সের বিপক্ষে সাতে নেমে ১৩ ছক্কা ও ছয় চারে ৪৯ বলে খেলেছিলেন অপরাজিত ১২১ রানের বিস্ফোরক ইনিংস। অধিনায়কের টর্নেডো ইনিংসে সেদিন ২২৪ রানের লক্ষ্য তিন বল বাকি থাকতে পেরিয়ে গিয়েছিল জ্যামাইকা তালাওয়াহস। ইনিংসটি খেলার পথে ১২ চার ও তিন ছক্কায় ৪০ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন অলরাউন্ডার রাসেল। সেই রেকর্ড ছোঁয়ার পথে ১৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন সাইফার্ট। পরের পঞ্চাশ ছুঁতে খেলেন আরও ২২ বল। সমান আটটি করে ছক্কা ও চারে ৪০ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। মাঠ ছাড়েন ম্যাচ শেষ করে। টি-টোয়েন্টিতে এটি নিউ জিল্যান্ডের কিপার-ব্যাটসম্যানের চতুর্থ সেঞ্চুরি।
সাইফার্ট-ঝড়ের শুরু এদিন একদম প্রথম থেকে। শুরুর বলটি ‘নো’ করেন ইমাদ ওয়াসিম। ফ্রি হিটে ছক্কা মেরে যাত্রা শুরু করেন কিউই ব্যাটসম্যান। জেডেন সিলসের পরের ওভারের শেষ তিন বলে ছক্কার সঙ্গে মারেন টানা দুটি চার। চতুর্থ ওভারে সাকিবের বলে সুযোগ দিয়েও বেঁচে যাওয়ার পর আর পেছনে তাকাননি। ষষ্ঠ ওভারে অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের উপর চড়াও হন তিনি। দুই ছক্কা ও তিন চারে নেন ২৪ রান। রানের গতিতে এরপর বাঁধ দিতে পারেননি কেউই। অষ্টাদশ ওভারে সিলসকে ছক্কা মেরে ম্যাচের ইতি টানেন সাইফার্ট। তার তাণ্ডবেই দুইশ ছাড়ানো সংগ্রহ নিয়েও খুব একটা লড়াই করতে পারেনি ইমাদ-সাকিবদের দল। এদিন ২৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাকিব। বল হাতে ২ ওভারে ৩২ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। তার বলে সাইফার্টের ক্যাচ কোনো একজন ফিল্ডার নিতে পারলে অন্যরকম হতে পারত খেলার চিত্র।

