Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় বাসন্তী পূজার মহাঅষ্টমীতে আগরতলায় দুর্গাবাড়িতে উপচে পড়া ভিড়

বাসন্তী পূজার মহাঅষ্টমীতে আগরতলায় দুর্গাবাড়িতে উপচে পড়া ভিড়

বাসন্তী পূজার মহাঅষ্টমীতে আগরতলায় দুর্গাবাড়িতে উপচে পড়া ভিড়

আগরতলা, ২৬ মার্চ (হি.স.) : প্রথা ও ধর্মীয় নিয়ম-নীতি মেনে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দিরে বাসন্তী পূজার মহাঅষ্টমী তিথি গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে পালিত হয়। এদিন ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষণীয় ছিল। হাতে ফুল, বেলপাতা ও পূজার উপকরণ নিয়ে নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য পুণ্যার্থী দেবীর চরণে অঞ্জলি দিতে উপস্থিত হন।

পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মহাঅষ্টমীর অঞ্জলি প্রদান করা হয়। ভক্তরা দেবী দুর্গার কাছে সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন। অষ্টমী তিথিকে কেন্দ্র করে মন্দিরে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে ছিল বলিদান প্রথা পালন। দুপুরে অনুষ্ঠিত হয় মহাআরতি এবং সন্ধ্যায় আয়োজিত হয় পবিত্র সন্ধিপূজা ও সন্ধ্যা আরতি।

ইতিহাস অনুযায়ী, চন্দ্রবংশীয় রাজা সুরথ যুদ্ধে পরাজিত হয়ে নিঃস্ব অবস্থায় দেবী দুর্গার আরাধনা করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। তাঁর সেই পূজার সূচনা চৈত্র মাসে বসন্তকালে হওয়ায় পরবর্তীতে তা ‘বাসন্তী পূজা’ নামে পরিচিতি লাভ করে। সেই প্রাচীন ঐতিহ্য অনুসরণ করেই আজও দেশজুড়ে বাসন্তী পূজা পালিত হয়ে আসছে।

দুর্গা বাড়ি মন্দিরের প্রধান পুরোহিত জানান, তিথি অনুসারে বৃহস্পতিবার মহাঅষ্টমী পালিত হয়েছে এবং অঞ্জলি প্রদানের পর দেবীর উদ্দেশ্যে বলি প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, এদিন রাত থেকেই নবমী তিথি শুরু হবে। শুক্রবার সকাল আটটায় নবমী পূজা অনুষ্ঠিত হবে, এরপর আরতি এবং দুপুরে দেবীর উদ্দেশ্যে অন্নভোগ নিবেদন করা হবে।

প্রতি বছরের মতো এবারও বাসন্তী পূজাকে কেন্দ্র করে দুর্গাবাড়ি মন্দিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যা শহরের ধর্মপ্রাণ মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha