প্রয়াগরাজ, ৮ আগস্ট (হি.স.): ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে "ছাত্রোঁ কি গুঞ্জ'' অনুষ্ঠানে লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, "আমি আপনাদের পরিসংখ্যানটা দিই: প্রতি ১০০০ জন তরুণের মধ্যে মাত্র ১২ জন স্থায়ী চাকরি পান। আর আপনাদের তথ্য বা ডেটা আপনাদের কাছ থেকে নিয়ে বড় বড় কর্পোরেট সংস্থা—যেমন জিও, আদানি, ফেসবুক ও গুগল—এর হাতে তুলে দেওয়া হয় এবং এভাবেই আপনাদের জালে জড়ানো হয়। আপনাদের বলা হয় যত খুশি 'রিলস' দেখতে, যত খুশি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাতে এবং ইনস্টাগ্রামে কনটেন্ট দেখতে বা তৈরি করতে। এটিই একবিংশ শতাব্দীর নেশা; আর এরপর আপনাদের বলা হয় ব্লিংকিট বা উবার-এর হয়ে কাজ করতে, কিংবা কায়িক শ্রমের কাজ করতে। আপনারা একবিংশ শতাব্দীর এই নেশায় মজে থাকতে পারেন ঠিকই, কিন্তু চাকরি পাবেন না; এই দেশে আপনারা কোনও কর্মসংস্থান খুঁজে পাবেন না।"
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে রাহুল গান্ধী বলেন, "এই দেশে আপনাদের মতো ৪০ কোটি প্রাণবন্ত তরুণ-তরুণী রয়েছে; এটাই দেশের শক্তি। মানুষ চিন, আমেরিকা ও রাশিয়ার কথা বলে, কিন্তু একবিংশ শতাব্দীতে ভারতের যুবসমাজ ও তাদের সম্ভাবনার তুলনায় সেসব কিছুই ম্লান হয়ে যায়। একবিংশ শতাব্দীতে কোনও দেশের অগ্রগতি দুটি বিষয়ের ওপর নির্ভর করে—আপনাদের মধ্যে থাকা যুব-শক্তি বা সম্ভাবনা এবং আপনারা যে ডেটা বা তথ্য তৈরি করেন। ভারতের যেমন যুবশক্তি রয়েছে, তেমনই বিশ্বের বৃহত্তম ডেটা ভাণ্ডারও রয়েছে। প্রতিটি ভারতীয় প্রতিদিন এক গিগাবাইট ডেটা ব্যবহার করে; ভবিষ্যতের অগ্রগতি এই ডেটা এবং তোমাদের সম্ভাবনার ওপরই গড়ে উঠবে। যুবশক্তি ও ডেটা—এই দুয়ের সমন্বয়েই গড়ে ওঠে একবিংশ শতাব্দীর অর্থনীতি।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান