Saturday, February 7, 2026
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি মনোনয়ন দিচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি মনোনয়ন দিচ্ছেন বাইডেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে মনোনয়ন পেতে চলেছেন একজন কৃষ্ণাঙ্গ নারী। এই মনোনয়নের মধ্য দিয়ে আফ্রিকান-আমেরিকানদেরকে দেওয়া নির্বাচনী অঙ্গীকার পূর্ণ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি স্টিফেন ব্রায়ার অল্প কিছুদিনের মধ্যেই অবসরে যাচ্ছেন। বাইডেনের মনোনয়ন অনুমোদন পেলে ব্রায়ারের স্থলাভিষিক্ত হবেন ওই কৃষ্ণাঙ্গ নারী। ফেব্রুয়ারিতে এই মনোনয়ন দেওয়া হবে।

সিএনএন জানায়, প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউজের রুসভেল্ট রুমে এক অনুষ্ঠানে স্টিফেন ব্রায়ারের অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং ফেব্রুয়ারি শেষের আগেই মনোনয়নপ্রার্থী বেছে নেবেন বলে আশা প্রকাশ করেছেন। স্টিফেন ব্রায়ারের যোগ্য উত্তরসূরিই মনোনীত করবেন বলে জানিয়েছেন তিনি।বাইডেন বলেন, “আমি যাকে মনোনীত করব তিনি হবেন চারিত্রিক বৈশিষ্ট্য, অভিজ্ঞতা এবং সততার দিক থেকে অসাধারণ যোগ্যতার অধিকারী। সেইসঙ্গে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মনোনীত প্রথম একজন কৃষ্ণাঙ্গ নারী। এটা আমার কাছে দীর্ঘদিনের ঋণস্বরূপ। আমি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাই আমি তা পূরণ করব।”

সুপ্রিম কোর্ট মার্কিনিদের জীবনে অনেক বড় প্রভাব রাখে। কিছু জরুরি আইনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ই সেখানে শেষ কথা। তাই সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এবং এ পদে একজন কৃষ্ণাঙ্গের মনোনয়ন ইতিহাস সৃষ্টি করবে।মনোনয়ন কে পাচ্ছেন সেটি এখনও নির্ধারিত হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাইডেন প্রায় ১০ জন বা তারও কিছু কম জনের একটি তালিকা থেকে প্রার্থী বাছাই করবেন বলে মনে করা হচ্ছে। যাকে বাছাই করা হবে তার সঙ্গে আগামী সপ্তাহেই হোয়াইট হাউজ থেকে যোগাযোগ কিংবা সাক্ষাৎ করা হতে পারে।

সুপ্রিম কোর্টের বিচারপতি স্টিফেন ব্রায়ার ২৭ বছর পর অবসরে যাওয়ার কারণে বাইডেন ৯ সদস্যের বিচারপতি প্যানেলে একজনকে নিয়োগ দেওয়ার এই সুযোগ পাচ্ছেন। কিন্তু এতে কোর্টের রক্ষণশীল বনাম উদারপন্থি বিচারপতির ভারসাম্য বদলাবে না।সুপ্রিম কোর্টের বিচারপতি প্যানেলে বর্তমানে রক্ষণশীল বিচারপতি ৬ জন আর উদারপন্থি আছেন ৩ জন। বিদায়ী বিচারপতি ব্রায়ার এই তিন উদারপন্থির একজন। তাই তার জায়গায় বাইডেনের নতুন নিয়োগে বিচারপতির এই ভারসাম্যে কোনও পরিবর্তন হবে না।বাইডেনের তালিকায় সম্ভাবনাময় প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, ফেডারেল বিচারক কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন, ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্টের বিচারপতি লিওন্ড্রা ক্রুগার এবং নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী শিরিলিন আইফল। আরও একজন হচ্ছেন, সাউথ ক্যারোলাইনার ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক মিশেল চাইল্ডস। তাকে ইতোমধ্যেই ওয়াশিংটনের আপিল আদালতে মনোনয়ন দিয়েছেন বাইডেন।

তবে সুপ্রিম কোর্টে বাইডেনের মনোনয়ন পেলেই যে সেই ব্যক্তি বিচারপতি হয়ে যাবেন তা নয়। তার মনোনয়নের পর সিদ্ধান্ত নেবে কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। সেনেটের অনুমোদন পেলে বিচারপতি হতে পারবেন বাইডেন মনোনীত প্রার্থী।সামনে ৮ নভেম্বরে যুক্তরাষ্ট্রে আছে মধ্যবর্তী নির্বাচন। সেই নির্বাচনে রিপাবলিকানরা সেনেটের নিয়ন্ত্রণ পেয়ে গেলে বাইডেনের মনোনীত প্রার্থীর সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে বিচারপতি হিসাবে অনুমোদন পাওয়াও কঠিন হয়ে উঠতে পারে। তাই ডেমোক্র্যাটরা হয়ত নির্বাচনের আগেই দ্রুত বিচারপতি নিয়োগের বিষয়টি সারতে চাইবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য