নয়াদিল্লি, ৪ মে (হি.স.): পশ্চিম এশিয়া সংকট আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করেছে ভারত, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নতুন দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিম এশিয়ার সংকটে সমগ্র বিশ্বই প্রতিকূলভাবে প্রভাবিত হয়েছে। তবে, ভারত পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এই সংকটের মোকাবিলা করছে। নির্বাচনের ফলাফল দেখিয়েছে, এই চ্যালেঞ্জে ভারত একটিই লক্ষ্যের প্রতি ঐক্যবদ্ধ। সেই লক্ষ্যটি হলো বিকশিত ভারত।”
প্রধানমন্ত্রী বলেন, “এখন যখন বাংলা পরিবর্তনের এক নতুন যুগে প্রবেশ করছে, আমি বাংলার প্রতিটি রাজনৈতিক দলের কাছে একটি অনুরোধ করতে চাই। বিগত দশকগুলিতে রাজনৈতিক হিংসার কারণে বাংলায় অগণিত জীবন বিধ্বস্ত হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলার এই নির্বাচনী অভ্যাস এখন থেকেই বদলাতে হবে। এখন যখন বিজেপি জিতেছে, আমাদের প্রতিশোধ নয়, পরিবর্তন নিয়ে কথা বলা উচিত। আমাদের ভয় নয়, ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি বাংলার প্রত্যেক নাগরিককে আশ্বস্ত করতে চাই, বিজেপি বাংলার উন্নত ভবিষ্যতের জন্য অক্লান্তভাবে কাজ করবে। এখন বাংলায় নারীরা নিরাপদ থাকবেন, যুবকেরা কর্মসংস্থান পাবে এবং ভিন রাজ্যে যাওয়ার হিড়িক বন্ধ হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান যোজনা অনুমোদন পাবে। এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

