স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৭ সেপ্টেম্বর।। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার সামরিক বাহিনী যত অস্ত্র ব্যবহার করছে তার প্রায় ৬০ শতাংশ নিজ দেশেই বানানো।
নিজেদের অস্ত্র উৎপাদন নিয়ে দুই মাস আগে তিনি একটা লক্ষ্য ঠিক করে দিয়েছিলেন, এরই মধ্যে উৎপাদন ওই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে শনিবার তিনি জানিয়েছেন।“যুদ্ধের মধ্যে, ইউক্রেইন এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে আমাদের কাছে থাকা অস্ত্র, আমাদের সেনাদের হাতে থাকা অস্ত্রের প্রায় ৬০ শতাংশই ইউক্রেইনের বানানো। “এগুলো খুবই শক্তিশালী অস্ত্র, যেগুলোতে অনেক অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে,” রাতের ভিডিও ভাষণে ইউক্রেইনের প্রেসিডেন্ট এসব বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জেলেনস্কি ও অন্য কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই ইউক্রেইনের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিতের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেশেই অস্ত্র বানানোতে জোর দিচ্ছিলেন।
ভাষণে তিনি ডেনমার্কে অস্ত্র বানানোর একটি যৌথ প্রকল্পের কথাও উল্লেখ করেন। মন্ত্রিসভায় বড় রদবদল আনার পর জুলাইয়ে ইউক্রেইনের এ প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রের মধ্যে দেশে বানানো অস্ত্র যেন ৫০ শতাংশের বেশি থাকে তা নিশ্চিতে উৎপাদন জোরদারে ব্যবস্থা নিতে বলেছিলেন। যুদ্ধক্ষেত্রে এবং অন্যান্য অভিযানে এখন যত অস্ত্র ব্যবহৃত হচ্ছে তার প্রায় ৫০ শতাংশই ইউক্রেইনের বানানো; ১৯৯১ সালে সোভিয়েত শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর আর কখনো নিজেদের বানানো এত অস্ত্র ইউক্রেইন ব্যবহার করেনি, বলেছেন তিনি। কিইভ এখন ড্রোন বানানো এবং ইউক্রেইনের শহরগুলোতে রাশিয়ার তুমুল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে বেশি মনোযোগী হয়েছে। রুশ আকাশ হামলা মোকাবেলায় কার্যকর ও খরচ কম হওয়ায় ইউক্রেইন ‘ইন্টারসেপ্টর ড্রোন’ বানানোর ওপরও জোর দিয়েছে, বলছেন কর্মকর্তারা।

