বাড়িরাজ্যজনজাতি কল্যাণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বৈঠক করলেন ত্রিপুরার বিজেপি নেতা মন্ত্রিদের সাথে

জনজাতি কল্যাণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বৈঠক করলেন ত্রিপুরার বিজেপি নেতা মন্ত্রিদের সাথে

আগরতলা, ১৯ আগস্ট (হি.স.) : রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার সংসদ ভবনে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে ত্রিপুরা প্রদেশ বিজেপির জনজাতি নেতৃত্ব ও বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যসহ শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, বৈঠকে ত্রিপুরার সার্বিক উন্নয়ন, বিশেষত জনজাতি সমাজের আর্থসামাজিক অগ্রগতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি আশ্বাস দেন, রাজ্যে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকার সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ভারতের বিজেপির সংযোজক সম্বিত পাত্র, ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সান্ত্বনা চাকমা, রাজ্যের অন্যান্য মন্ত্রী, বিধায়ক ও বরিষ্ঠ নেতৃত্ববৃন্দ।

বিশেষ করে আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনজাতি অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারের রণকৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, এই বৈঠক ভবিষ্যতের নির্বাচনী কৌশল নির্ধারণে একটি মাইলফলক হয়ে উঠবে।

রাজনৈতিক মহল মনে করছে, বৈঠকের মূল গুরুত্ব ছিল উত্তর-পূর্ব ভারতের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাস্তবায়ন কতদূর এগিয়েছে এবং আগামীদিনে উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকল্পনা কীভাবে গ্রহণ করা হবে, সেই বিষয়টি স্পষ্ট করা।

এদিনের বৈঠকের মাধ্যমে জনজাতি সমাজের উন্নয়নকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও রাজ্য নেতৃত্বের মধ্যে সমন্বয়ের বার্তাই উঠে এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য