স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ অগস্ট : খসড়া স্কুল পাঠ্যবইয়ে নেতাজির দেশত্যাগকে ‘ব্রিটিশদের ভয়ে পালানো’ বলে উল্লেখ! ফের ‘ঐতিহাসিক ভুল’ বামশাসিত কেরলে। দেশনায়কের অপমানে ক্ষোভে ফুঁসছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা সিপিএমের বাঙালি বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ। দেশনায়ক নেতাজির অপমানের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বাম নেতৃত্বকে।
আসলে কেরলের একটি খসড়া স্কুল পাঠ্যবইয়ে দাবি করা হয়েছিল, ‘ব্রিটিশদের ভয়ে’ নেতাজি নাকি জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, ওই অংশে ‘ঐতিহাসিক ভুল’ ঘটেছে এবং তা সংশোধন করা হয়েছে। চতুর্থ শ্রেণির শিক্ষকদের জন্য তৈরি করা একটি হ্যান্ডবুকে এই বিতর্কিত বক্তব্য প্রকাশিত হয়, যা তৈরি করেছিল রাজ্যের স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি)। পরবর্তীতে শিক্ষা দপ্তর তা সংশোধন করে এবং পাঠ্যবই কমিটির সংশ্লিষ্ট সদস্যদের ভবিষ্যতে কোনও অ্যাকাডেমিক প্রক্রিয়া থেকে সেটি বাদ দেওয়া হয়েছে।
ওই অংশে যে ‘ঐতিহাসিক ভুল’ হয়েছে সেটা মেনেও নিয়েছে সিপিএম নেতৃত্ব। কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুটি দাবি করেছেন, “বিষয়টি নজরে আসার পরেই সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যাতে ছাপা বইয়ে শুধুমাত্র সঠিক ঐতিহাসিক তথ্য থাকে। কেরল সরকার কখনওই কেন্দ্রীয় সরকারের মতো ইতিহাস বিকৃত করার অবস্থান নেয় না। তাই এসসিইআরটি-কে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ওই কমিটির সদস্যদের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিতে।” কিন্তু তাতে বিতর্ক থামছে না। তৃণমূলের দাবি, ওই ভুল অনিচ্ছাকৃত নয়। বরং ‘সর্বজ্ঞানী’ সিপিএম নেতৃত্বের বাঙালি বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ।

