স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৫ অগস্ট : দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। গত শুক্রবারই তাঁর সঙ্গে সম্পর্কিত একাধিক অফিস এবং অন্যান্য স্থানে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ৬ আগস্ট, মঙ্গলবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। সেই মতো এদিন সকাল ১১টা নাগাদ ইডি দপ্তরে পৌঁছে যান রিলায়্যান্স গ্রুপের প্রোমোটিং ডিরেক্টর। ১১ হাজার কোটি টাকার প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে ইডি। সূত্রের খবর, মঙ্গলবারই তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে।
আর্থিক তছরুপের তদন্ত চলছে অনিলের বিরুদ্ধে। অন্তত ১৭ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর নামে। সেই অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহেই তাঁর ৫০টি সংস্থায় তল্লাশি চালায় ইডি। বৃহস্পতিবার দিল্লি এবং মুম্বইয়ের ৩৫টি জায়গায় তল্লাশি শুরু হয়। জিজ্ঞাসাবাদ করা হয় অন্তত ২৫ জনকে। সূত্র মারফত জানা যায়, সিবিআইয়ের দায়ের করা দু’টি এফআইআরের ভিত্তিতেই অনিলের নানা সংস্থায় হানা দিয়েছে ইডি। শুক্রবার কলকাতা এবং ভুবনেশ্বরের বেশ কয়েকটি দপ্তরেও ইডির তল্লাশি শুরু হয়। এমনকী তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিলেন অনিল আম্বানি।
সম্পরকিত প্রবন্ধ

