স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ আগস্ট : বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল, গোমতী দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার, স্মার্ট মিটার প্রত্যাহার এবং স্থানীয় সমস্যা দূরীকরণের দাবিতে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটির গণঅবস্থান। রাজধানীর রাধানগর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে গণঅবস্থান সংগঠিত করে সিপিআইএম অভয় নগর অঞ্চল কমিটি।
গনঅবস্থানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্য। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন আগরতলা পুর নিগমের এলাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন নতুন গ্রামকে পুর নিগমের অন্তর্ভুক্ত করা হয়েছে। বামফ্রন্ট সরকারের সময় বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋন নিয়ে পুর নিগম এলাকার পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছিল। বামফ্রন্ট সরকারের সময় উড়াল পুল নির্মাণ করা হয়েছে। আগরতলা শহরের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। নিগম এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তর স্মার্ট সিটি করার পরিকল্পনা গ্রহণ করলে, বামফ্রন্ট সরকার স্বাগত জানায়। তারপর আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ শুরু হয়। এরই মধ্যে রাজ্যে সরকারের পরিবর্তন হয়।
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। নির্বাচন আসলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসে অনেক প্রতিশ্রুতি দিয়ে যান। এমনকি বামফ্রন্ট সরকার বহু প্রকল্প তৈরি করে দিয়ে গেছে, এই প্রকল্পগুলি সাড়ে সাত বছরেও চালু করতে পারেনি বর্তমান সরকার। সরকারকে কাঠগড়ায় তুলে আরো বলেন আগরতলা স্মার্ট হয়নি, ত্রিপুরা রাজ্য স্মার্ট হয়নি, স্মার্ট হয়নি রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুৎ ব্যবস্থা। এমনকি সাংস্কৃতিক ব্যবস্থার উন্নতি হয়নি, নতুন করে কোন হল নির্মিত হয়নি। কিন্তু স্মার্ট হয়েছে শাসক দলের কিছু লোক। গোমড়া চুমড়া যারা নির্বাচনে জবরদখল করে ছাপ্পা ভোট দিয়ে কর্পুরেটর, মন্ডল নেতা এবং বিধায়ক হয়েছেন, তারা স্মার্ট হয়েছেন। আর আগরতলার নাগরিক পরিষেবা লাটে উঠেছে। তিনি আরো বলেন, শুধুমাত্র আগরতলা শহরের পচা গলা, নর্দমা পরিষ্কার করলে চলবে না। ত্রিপুরা থেকে বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথা নামক জঞ্জালকে পরিষ্কার করতে হবে। এবং তাদের ত্রিপুরা রাজ্যের রাজনীতি ও সংস্কৃতি থেকেও মুছে দিতে হবে। এর জন্য আজকের মত কর্মসূচি আগামী দিনের গড়ে তুলতে হবে। এ দিনের আয়োজিত কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

