স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : সম্প্রতি ৮২ মাইলস প্রোপার এসটি বয়েস হোস্টেলে দশম শ্রেণীর ছাত্র জেকিম মারাকের মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার হোস্টেলটি গেলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। কথা বলেন হোস্টেল কর্তৃপক্ষের সাথে। মন্ত্রীর সঙ্গে ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা এবং দপ্তরের কর্মীরা। জেকিমের মৃত্যুর পেছনে কী কারণ থাকতে পারে তা জানতে খোঁজখবর নেন।
মন্ত্রী বলেন গত কয়েকদিন আগে হোস্টেল পরিদর্শন করার দুদিন পর দশম শ্রেণীর ছাত্র আত্মহত্যা করে। ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, তার জন্য অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। ছাত্ররা যেন কোনওরকম নেশার শিকার না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা ৮২ মাইলস প্রোপার এসটি গার্লস হোস্টেল এবং ৮২ মাইলস রেসিডেন্টিয়াল ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের হোস্টেলও পরিদর্শন করেন। তিনি হোস্টেলগুলির বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন এবং সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য হোস্টেল কর্তৃপক্ষ এবং দপ্তরের কর্মীদের নির্দেশ দেন। মন্ত্রী জানান, শিক্ষার পরিবেশ নিরাপদ ও ইতিবাচক রাখতে হবে। ছাত্রদের মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিতে হবে।
এই পরিদর্শন হোস্টেল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে। সকলের দাবি, ভবিষ্যতে যেন হোস্টেলে কোন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু না হয়। পাশাপাশি জেকিম মারকের মৃত্যুর ঘটনার সুস্থ তদন্ত চাইলেন সকলে।

