স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুলাই : বুধবার মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে যান তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বাজারের মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহারাজগঞ্জ বাজারের মধ্যে যারা মাছ বিক্রি করেন তাদের মধ্যে যেহেতু অধিকাংশই তপশিলি অংশের মানুষ, তাই তাদের জন্য অত্যাধুনিকভাবে মৎস্য বাজার নির্মাণ করার। এর জন্য তপশিলি জাতি কল্যাণ দপ্তর অত্যাধুনিক মাছ বাজার তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছে। এর জন্য বিগত বছর অর্থ দপ্তরের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল।
ইতিমধ্যে এবছর অনুমোদন পেয়ে গিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এর জন্য ৩৫ কোটি টাকার অর্থের অনুমোদন পেয়েছে। এর মধ্যে সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নেওয়ার পেছনে মূলত উদ্দেশ্য হলো বিভিন্ন সময় দেখা যায় বাজারগুলির মধ্যে জল নিকাশি ব্যবস্থার সুবন্দোবস্ত থাকে না। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন যথেষ্ট অভাব থাকে। তাই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আরো বলেন জি প্লাস টু দিয়ে এই মৎস্য বাজার তৈরি করা হবে। বর্তমানে এটি সংশ্লিষ্ট দপ্তরের সর্ববৃহৎ সিদ্ধান্ত বলে জানান তিনি। এদিন পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটর ও তপশিলি ও মৎস্য দপ্তরের আধিকারিকরা।

