স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : বিতর্কিত মন্তব্যে জড়ালেন রাজ্যের প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউ -র সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। গত রবিবার মুক্তধারা অডিটরিয়ামে আয়োজিত বাম শ্রমিক সংগঠনের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, রাজ্যের মোটর শ্রমিকরা নিজেদের বাঁচাতে যানবাহনে বিএমএস -এর স্টিকার, ষন্ডামার্কা হনুমানের ছবি লাগিয়ে রাখতে হচ্ছে। এই মন্তব্যের পরেই মঙ্গলবার জয় শ্রী রাম ধ্বনি দিয়ে আগরতলা শহরের বুকে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে বিশ্ব হিন্দু পরিষদ।
রাজধানীর রাধানগর বাস স্ট্যান্ডের সামনে প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্তের কুশপুত্তলিকা বানিয়ে তার মধ্যে জুতোর মালা পরিধান করে পোড়ানো হয়। তাদের বক্তব্য বজরংবলীকে আমরা ভগবান রুপে পূজা করি। এই বজরংবলীর বিরুদ্ধে সিআইটিইউ -র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত কুরুচিকর মন্তব্য করেছেন। এটা হিন্দু সমাজ কখনো মেনে নেবে না। তারপরেও যদি সিআইটিইউ -র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত ক্ষমা না চায় তাহলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

