স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ জুন: সমাজ কর্মীর পরিচয়ে মানুষের সাথে প্রতারণা এবং ছিনতাইয়ের অভিযোগে কলেজ ছাত্রকে আটক করল পুলিশ। রাজধানীর টাউন হল এলাকা থেকে অভিযুক্তকে আটক করেছে পথচারীরা। অভিযোগ তিন যুবক একটি মারুতি গাড়ি নিয়ে সেখানে এসেছিল। রাস্তায় ব্যস্ত পথচারীদের আটকে তাদের গাড়িতে তোলার চেষ্টা করে। আশেপাশের সচেতন নাগরিকদের বুঝাতে চেয়েছিল নেশাগ্রস্ত যুবকদের ধরে রিহ্যাবে নিয়ে যাবে এই তিন যুবক। পরে আশেপাশের লোকজন এক রিক্সা চালকের কাছ থেকে জানতে পারে তারা আসলে কোন এনজিও থেকে আসেন নি। বরং তারা নিজেদের নেশা চাহিদা মেটাতে নেশা সেবনকারীদের আটক করে গাড়িতে তুলে নিরব নিস্তব্ধ জঙ্গলে নিয়ে যায়, তারপর সেখানে নিয়ে নেশা সেবনকারীদের মারধোর করে নেশা সামগ্রী, টাকা এবং মোবাইল ফোন ছিনতাই করে।
পরবর্তী সময় এক ব্যক্তিকে গাড়িতে তোলার সময় সেই ব্যক্তির পরিচিত লোকজনেরা বিষয়টি দেখতে পান। সঙ্গে সঙ্গে গিয়ে তাদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটক যুবকের নাম সুদীপ মন্ডল। বাড়ি ডুকলি মধুবন স্থিত রাণীখামার এলাকায়। পাশাপাশি টি আর ০১ সি এল ০৩৯২ নম্বরের গাড়িটি আটক করে। অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত যুবক কলেজের পোশাক পড়ে এ ধরনের কার্যকলাপ সংগঠিত করছিল। পুলিশ গাড়িটি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, একটা গ্যাং এ ধরনের কাজ করে চলেছে শহরের মধ্যে। পুলিশ প্রশাসনকে ঘুমে রেখে নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে যাবে বলে প্রতারণার ছক কষেছে। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করলে আরো অনেকের নাম উঠে আসবে বলে মনে হচ্ছে শুভ বুদ্ধি সম্পন্ন লোকজন।

