স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুলাই : বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং স্মার্ট মিটারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি সদর জেলা কংগ্রেসের। সোমবার রাজধানীর ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সদর জেলা কংগ্রেসের কর্মীরা। সদর জেলা কংগ্রেস সভাপতি জানান আচমকা দেখা যাচ্ছে একাধিক চার্জের কথা বলে বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হয়েছে। এই অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার করার দাবি জানান। পাশাপাশি তিনি স্মার্ট মিটারেরও প্রতিবাদ জানান। তিনি বলেন স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা চলছে। পশ্চিমবঙ্গে বিজেপি স্মার্ট মিটারের প্রতিবাদ করেছে। যার জেরে পশ্চিমবঙ্গ সরকার স্মার্ট মিটার লাগানো বন্ধ করে দিয়েছে।
এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন স্মার্ট মিটার লাগানো হবে না। অপরদিকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী স্মার্ট মিটার নিয়ে উঠেপড়ে লেগেছেন। তিনি নাছোড়বান্দা। তাই তিনি গ্রাহকদের দিয়ে স্মার্ট মিটার লাগাচ্ছেন। ফলে মানুষের ৫০০-৬০০ টাকার বিল বৃদ্ধি পেয়ে ১২-১৪ হাজার টাকা আসছে। পাশাপাশি বিভিন্ন চার্জ বৃদ্ধি করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। দপ্তরের মন্ত্রীকে অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নাহলে আন্দোলন চলবে। উল্লেখ্য, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, স্মার্ট মিটার এবং বিভিন্ন চার্জ বৃদ্ধি করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।
যেদিন বিগত দিনে রাজ্যের মানুষ কল্পনা করতে পারে নি। অথচ রাজ্যের গ্রাম পাহাড়ের বহু মানুষ রয়েছে যারা সঠিক সময়ে বিদ্যুৎ বিল প্রদান করা তো দূরের কথা, দিনের পর দিন বিদ্যুৎ বিল বকেয়া রেখে চলেছে। আবার কেউ কেউ এখনো হুকলাইন দিয়ে বেআইনিভাবে ঘরের আলো জ্বালাচ্ছে। সেদিকে নজর নেই বর্তমান সরকারের। অথচ বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে সাধারণ ভোক্তাদের উপর চাপ সৃষ্টি করছে সরকার। এমনটাই মানুষের মুখে মুখে। এদিনের কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা।

