স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : শনিবার রাজধানীর অরুন্ধতী নগরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তিতে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ফিতা কেটে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকার, ত্রিপুরা পুলিশের অপরাধ দমনমূলক শাখার আইজিপি এআর রেড্ডি, এ ডি জি পি জি এস রাও, হোম সেক্রেটারি অভিষেক সিং সহ অন্যান্য আধিকারিক।
মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সভ্যতার বিকাশ ঘটেছে। কিন্তু এই ডিজিটাল যুগে যেভাবে অপরাধ শুরু হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল অ্যারেস্টের কথা বলেছেন। এই ডিজিটাল অ্যারেস্ট হলো কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে কোন ধরনের অপরাধ সংগঠিত হলে পুলিশ দিয়ে সেটা বন্ধ করাকে ডিজিটাল অ্যারেস্ট বলা হয়। মুখ্যমন্ত্রী বলেন, গোটা দেশের সাথে ত্রিপুরাতেও সাইবার ক্রাইম বর্তমান সময়ে এক প্রকার বিপদজনক অবস্থা হয়ে গেছে। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে ফিজিক্যাল ভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি ডিজিটাল ক্ষেত্রেও শক্তিশালী হতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের মারাত্মক অপরাধ দমন করতে গেলে প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এ ধরনের অপরাধ রুখতে গেলে পুলিশকে ছায়ার সাথে যুদ্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে সতর্ক করলেন পুলিশ আধিকারিকদের। তিনি বলেন বাংলাদেশে কি অবস্থা সেটা সকলের জানা। ত্রিপুরার তিনদিকে বাংলাদেশ। তাই রাজ্যের নিরাপত্তা আরও বেশি নিশ্চিত করতে হবে। উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরা এখন ড্রাগসের করিডোর হয়ে গেছে। এর জন্য বহিরাগতদের আসা-যাওয়া চলছে। তাই পুলিশকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী দিন ত্রিপুরা অপরাধ দমনমূলক শাখা সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। কথা বলেন পুলিশ কর্মীদের সাথে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

