স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুন : সুশাসন জামানায় দুঃশাসন যেন মাথাচাড়া দিয়েছে বিভিন্ন মন্ডল এলাকায়। গত ২২ জুন রাজধানীর বিদ্যাসাগর এলাকায় মন্ডল সভানেত্রী স্বপ্না দাসের নেতৃত্বে বাইক বাহিনী হানা দিল এক সিপিআইএম কর্মীর বাড়িতে বলে অভিযোগ। সিপিআইএম কর্মীর নাম রতন দাস। তিনি অসুস্থ। গত রবিবার উনার বাড়িতে কিছু নেতৃত্ব যাওয়ার পরেই মন্ডল নেত্রী এই ঘটনার সংগঠিত করেছে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ জুন রাত আনুমানিক নয়টা নাগাদ অপরিচিত তিন থেকে চারজন মহিলা প্রদীপ দাসের বাড়িতে গিয়ে প্রদীপ দাসের ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞাসা করেন বাড়ির মালিক কে?
পাল্টা তাদের বলা হয় পরিচয় দেওয়ার জন্য। তারপর তারা কিছু না বলে জানান বাড়িতে কারা এসেছে? তখন তারা বলেন যারা বাড়িতে এসেছে তাদের বের করে আনার জন্য। একটা সময়ের পর সন্দেহ জাগে অজ্ঞাত লোকজনদের দিকে। তখন তাদের বলা হয় পরিচয় দেওয়ার জন্য। শেষ পর্যন্ত বাড়ির মহিলারা যখন চোর বলে চিৎকার শুরু করে তখন বাড়ি থেকে বের হয়ে স্কুটি নিয়ে পালিয়ে আসে মহিলা বাহিনী। ১০ থেকে ১৫ মিনিট পর ৪০-৫০ জন দুষ্কৃতী বাইক নিয়ে এসে বাড়ির লোকজনদের মারধর করে আহত করে। বিশেষ করে বাড়ির মহিলাদের মারধর করে বলে অভিযোগ। বাড়ির অর্চনা বর্মন মহিলার পা ভেঙে দেয় দুষ্কৃতিকারীরা।
শেষ পর্যন্ত প্রতিরোধ করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। তবে বাড়ির লোকজনেরা কয়েকজনকে সনাক্ত করতে পেরেছে। তারা হলেন মিঠুন রায়, রাহুল দেব, দীপ্তন চক্রবর্তী, দেবাশীষ দাস, চিরঞ্জিত দাস এবং মিহির সরকার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পূর্ব মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি জানান তারা। এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে। এবং পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

