স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন : রাজ্যে চরমে পৌঁছেছে এডিসি প্রশাসনের আর্থিক বিশৃঙ্খলা। তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসন আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে বারে বারে ব্যর্থ। রাজ্য সরকার এডিসি প্রশাসনকে অর্থ প্রদান করলেও সেই অর্থ সঠিক ভাবে শৃঙ্খলা বজায় রেখে ব্যয় করতে ব্যর্থ এডিসি প্রশাসন। যার কারনে এডিসি প্রশাসনের কর্মচারী ও পেনসনারদের মধ্যে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এডিসি প্রশাসনের আর্থিক বিশৃঙ্খলার কারনে বর্তমানে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হচ্ছে পেনসনারদের।
অভিযোগ এডিসি-র পেনসনাররা মাসের পর মাস ধরে পেনশন বঞ্চিত। দীর্ঘ ১৯ মাস ধরে তারা পেনশন পাচ্ছে না। এই নিয়ে এডিসি-র পেনসনাররা একাধিকবার এডিসি-র সিইও-র নিকট ডেপুটেশান প্রদান করেছে। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্তমানে পরিবারের সকলকে নিয়ে অভুক্ত থাকার অবস্থা তৈরি হয়েছে এডিসি-র পেনশনারদের। কারন তারা বর্তমানে চরম আর্থিক সঙ্কটে ভুগছে। এই পরিস্থিতিতে সোমবার ফের একবার এডিসি এম্পলোইস পেনশনারস এসোসিয়েশান টিটিএডিসি-র ডেপুটি সিইও-র নিকট ডেপুটেশান প্রদান করে। এসোসিয়েশানের সভাপতি জানান তারা ১৯ মাস ধরে পেনশন পাচ্ছেন না। ফলে বর্তমানে তারা আর্থিক সঙ্কটে ভুগছেন।
বর্তমানে ছেলে মেয়েদের নিয়ে না খেয়ে দিন কাটানোর অবস্থা তাদের। ১০ জুলাইর মধ্যে তাদের টাকা প্রদান করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয়। তিনি এডিসি প্রশাসনের প্রতি আবেদন জানান তাদের পেনশনের টাকা দিতে না পাড়লে তাদের ব্যাঙ্ক একাউন্টে ১ হাজার টাকা করে ঢুকিয়ে দেওয়া হোক। সেই টাকা দিয়ে কীটনাশক ক্রয় করে পরিবারের সকলকে নিয়ে খেয়ে মৃত্যু বরন করবে পেনসনাররা। এসোসিয়েশানের অপর এক সদস্য জানান রাজ্য সরকার থেকে এডিসি প্রশাসনকে অর্থ দেওয়া হয়েছে। কিন্তু এডিসি প্রশাসন শৃঙ্খলা বজায় রেখে সেই টাকা ব্যয় করতে পারছে না। এডিসি-তে উন্নয়ন প্রশাসন কিছুই নেই। এডিসি প্রশাসন কর্মীদের বেতন দেওয়ার পর পেনসনারদের পেনশন দেওয়ার টাকা নেই। এডিসি প্রশাসন মাসের পর মাস ধরে পেনসনারদের পেনশন প্রদান না করলেও তিপ্রা মথা সুপ্রিমো রয়েছেন বেহাল তবিয়তে। নেই ওনার কোন হেলদোল। তিনি নিজে দুধে ভাতে খেলেও এডিসি-র পেনশনারদের শুধুই দিয়েছেন আশ্বাস। তারা কি ভাবে কোন অবস্থায় রয়েছে সেই খবর নেওয়ার ওনার সময় নেই। এই পরিস্থিতিতে এডিসি-র পেনশন বঞ্চিতদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। কারন বর্তমানে তারা এতটা আর্থিক সঙ্কটে রয়েছে যে তারা বিষ পান করার জন্য এডিসি প্রশাসনের নিকট বিষ পান করার টাকা চাইছেন। এখন দেখার এডিসি প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।

