স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন : গত শনিবার তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদত্যাগের দাবিতে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল স্থানীয় ক্ষুব্ধ জনতা। পরে প্রশাসনিক হস্তক্ষেপে তালামুক্ত হয়েছিল পঞ্চায়েত কার্যালয়। কিন্তু, সোমবার ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন পঞ্চায়েতে কর্মরত কর্মীরা যখন পঞ্চায়েত কার্যালয়ে যায়।
সেখানে গিয়ে তারা প্রত্যক্ষ করেন যে কে বা কাহারা পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটকে দুই দুইটি তালা ঝুলিয়ে দিয়ে তালা বন্ধ করে রাখে পঞ্চায়েত কার্যালয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও কাহারা তালা বন্ধ করেছে পঞ্চায়েত কার্যালয় এই বিষয়ে কাউকে না পেয়ে পঞ্চায়েতের ইনচার্জের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় লিখিত আকারে একটি অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া আর.ডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার সহ তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। তৎসঙ্গে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশে ভাঙ্গা হয় পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটকের ঝোলানো তালা। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানান, যারাই পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ তদন্ত করে দেখছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। কারণ, কোনো সরকারি অফিসে এইভাবে তালা ঝুলিয়ে দেওয়া একটি অপরাধ মূলক কাজ। এখন প্রশ্ন হচ্ছে কে বা কাহারা চুপিসারে পঞ্চায়েত কার্যালয় তালা বন্ধ করে দিয়েছে। কি উদ্দেশ্যে তালা বন্ধ করা হয়েছে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত কার্যালয় ?

