স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : চুরি যাওয়া বাইক সহ ৩ চোরকে আটক করল এনসিসি থানার পুলিশ। শনিবার এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ এনসিসি থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ১৮ জুন অভয়নগর বয়েজ হোস্টেল সংলগ্ন এলাকা থেকে একটি বাইক চুরি হয়। বাইকের মালিক ছিল রিপণ চাকমা। এনসিসি থানায় মামলা দায়ের করার পর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এক জনকে শনাক্ত করা হয়।
তার নাম শঙ্কর সরকার ওরফে কালু। পরবর্তী সময় মধুপুর এলাকা থেকে শঙ্কর সরকারকে আটক করা হয়। পাশাপাশি মধুপুর থানার পুলিশ বাইকটি উদ্ধার করে। শঙ্কর সরকারকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দুই জনের নাম জানা যায়। শঙ্কর সরকার বাইকটি চুরি করে নিয়ে যাওয়ার পর ঐ দুই জনকে বাইকটি দিয়েছিল। তারা হল উত্তম দাস ও শ্যামল নন্দী। উভয়ের বাড়ি মধুপুর এলাকায়। যথারীতি তাদেরকেও আটক করা হয়।
তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়। পুলিশ রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় আগেই তারা বহু বাইক আগরতলা থেকে চুরি করে বাংলাদেশে পাচার করেছে। তাদের কাছ থেকে আরও একটি বাইক উদ্ধার করা হয়েছে। সেই বাইকটি ব্যবহার করে তারা আগরতলা শহরে চুরির ঘটনা সংগঠিত করতো। তাদের সাথে আরও কয়েকজন যুক্ত রয়েছে। তাদেরকেও গ্রেপ্তার করা হবে।

