স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর : বিদ্যুৎ সংস্কার করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক বাড়ির উপর উপড়ে পড়লো গাড়ি। ঘটনা কৈলাসহরের চিনি বাগান গ্রামের দেববর্মা পাড়া এলাকায়। ঘটনায় তিনজন গুরুতর আহত হয়। দুর্ঘটনায় বিদ্যুৎ কর্মী, গাড়ি চালক এবং বাড়ির এক সদস্য গুরুতর আহত হয়।অভিযোগের তীর কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী সংস্থা ‘সাই কম্পিউটার লিমিটেডের’ বিরুদ্ধে। উল্লেখ্য, বিগত ছয় বছর ধরে কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিসেবার দায়িত্বে রয়েছে বহিঃরাজ্যের ‘সাই কম্পিউটার লিমিটেড’। গত তিনদিন আগে সাই কম্পিউটার লিমিটেডের নিজস্ব মারুতি ভ্যান গাড়িটি নিয়ে সংস্থার কর্মীরা কৈলাসহরের চিনিবাগান গ্রামের দেববর্মা পাড়ায় গিয়ে বিদ্যুৎ সারাই করে।
তারপর ফেরার পথে চলন্ত গাড়িটি দেববর্মা পাড়ায় রাস্তার উপর থেকে উল্টে গিয়ে রাস্তার নীচে বীরদা দেববর্মার বাড়ির উপর পড়ে যায়। সে সময় ঘরের ভিতরে বীরদা দেববর্মার ১৬ বছরের ছেলে সুমন দেববর্মা ছিলো। গাড়িটি উল্টে বীরদা দেববর্মার মাটির দেওয়ালের ঘরের উপর পড়লে ঘরের একদিকের দেওয়াল সহ দরজা জানালা সহ ঘরের বেশকিছু আসবাবপত্র ভেঙ্গে যায়। এবং মাটির দেওয়ালের চাপে সুমন দেববর্মা গুরুতর জখমও হয়। সেইসাথে গাড়িতে থাকা গাড়ির চালক এবং এক বিদ্যুৎ কর্মী আহত হয়। ঘটনার পর বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ বাড়ির মালিক দিনমজুর বীরদা দেববর্মার সাথে তালবাহানা করেই চলছে বলে নিজেই জানান বীরদা দেববর্মা। তিনি জানান যে, বিদ্যুৎ কর্মীদের জানিয়েছেন একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য। কিন্তু তারা কখনো পঞ্চাশ হাজার টাকা, আবার কখনো ২৫ হাজার টাকা দেওয়ার চেষ্টা করছে। যেহেতু ঘর ভেঙে গেছে তাই এই স্বল্প টাকায় মানবেন না বলে জানিয়ে দেন তিনি। এখন পর্যন্ত একাধিকবার পুলিশ যায় গাড়িটি তুলে আনার জন্য। কিন্তু গ্রামবাসীর বাঁধার মুখে পড়ে গাড়িতে এখনো উদ্ধার করতে পারেনি প্রশাসন।

