স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৬ ডিসেম্বর: সিরিয়ায় রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার সাইদ রাজি মৌসাভি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কের দায়িত্বে ছিলেন মৌসাভি।আইআরজিসি’র এক অভিজ্ঞ সামরিক উপদেষ্টাও ছিলেন তিনি।
রেভল্যুশনারি গার্ডের এলিট বাহিনী কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির সহচরদের একজন ছিলেন সাইদ রাজি। ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলাইমানি নিহত হয়েছিলেন।ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম সাইদ রাজি মৌসাভির মৃত্যুর খবর জানিয়ে বলেছে, দামেস্কের দক্ষিণ-পূর্বে সাঈদা জয়নব এলাকায় বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, মৌসাভি হত্যা ইসরায়েলের দুর্বলতারই পরিচায়ক। “এই কাণ্ড এ অঞ্চলে ইসরায়েলের হতাশা এবং দুর্বলতারই লক্ষণ। এর (হত্যাকাণ্ড) জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে।”
ওদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ডও বলেছে, “এই বাহিনীর ব্রিগেডিয়ার-জেনারেল পদমর্যাদার কমান্ডার মৌসাভিকে হত্যার জন্য ইসরায়েলকে ভুগতে হবে। ইহুদি শাসকগোষ্ঠীকে এই অপরাধের মূল্য দিতে হবে।”ইসরায়েল সিরিয়ায় বছরের পর বছর ধরে হামলা চালিয়ে আসছে। ইরান-সংশ্লিষ্ট নিশানাগুলোতে তারা হামলা চালাচ্ছে বলে দাবি করে আসছে।গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গত কয়েকমাসে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা আরও বেড়েছে।

