স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : পাঠ্য বইয়ের মধ্যে রক্তদানের বিষয়টি অন্তর্ভুক্ত করলে ভালো হবে। তাই এই বিষয়ে শিক্ষা দপ্তরের সাথে কথা বলবেন বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আপনজন ক্লাবের উদ্যোগে রবিবার থেকে শুরু হল শিশু মেলা। একই সাথে এইদিন আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এইদিন শিশু মেলা ও রক্ত দান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোন ধর্ম কিংবা বয়স নেই। মানব ধর্মের উপর কোন কিছু নেই। তারপরও অনেক সময় মানুষ নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়ে যায়। বর্তমানে খারাপের দিকে যাওয়ার প্রবণতা দেখা যায় মানুষের মধ্যে। যার ফলে বর্তমানে উঠতি বয়সের যুবক যুবতিদের মধ্যে ড্রাগসের প্রবণতা বৃদ্ধি পেয়ে গেছে। ড্রাগস নেওয়ার ফলে এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। নেগেটিভ মানসিকতা থেকে এই প্রবণতা আসে।
মুখ্যমন্ত্রী বলেন, জীবনের সবচেয়ে বড় বই হচ্ছে অভিজ্ঞতা। বয়স্কদের ক্লাবে বসার জায়গা দিতে হবে। তাদের কাছ থেকে নতুন প্রজন্মকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সরকার রাজ্যে এডুকেশন হাব ও মেডিক্যাল হাব বানানোর চেষ্টা করছে। সময় খুবই কম। সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করা যাচ্ছে না। স্বচ্ছতার সাথে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য। এইদিনের রক্তদান শিবির ও শিশু উৎসবে এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

