স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : মায়ের সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিল কিশোর। জানা যায়, শনিবার মনু এলাকায় পিসির বাড়িতে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা না পেয়ে অভিমানে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় সুকান্ত দাস নামে ১৬ বছরের এক কিশোর। কিশোরের মা জানান গান্ধীগ্রাম পিসির বাড়িতে যাওয়ার জন্য মায়ের কাছে ৩০০ টাকা চেয়েছিল সুকান্ত।
কিন্তু সেই টাকা দিতে অক্ষমতা প্রকাশ করেন সুকান্ত দাসের মা। সে জানান কিছুদিন পর রেগার কাজের টাকা পেয়ে সুকান্ত দাসকে ৩০০ টাকা দেবে। তারপর খাওয়া-দাওয়ার পর ঘরে প্রবেশ করে সুকান্ত নিজ শরীরে আগুন লাগিয়ে দেয়। ছেলের চিৎকার শুনে এসে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পায় তার মা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মৃত্যুর কোলের ঢলে পরে সুকান্ত দাস। পরে তার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। একমাত্র ছেলেকে হারিয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে মৃত কিশোরের মা-বাবা সহ আত্মীয় পরিজন।

