নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): সোশ্যাল মিডিয়া অভিযান ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকের বৃহস্পতিবার শারীরিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর জ্বর এবং শরীরে তীব্র ব্যথা রয়েছে। নিজেই সামাজিক মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে এই কথা জানিয়েছেন দীপকে।
দীপকে লিখেছেন, গত কয়েক দিন ধরে তিনি জ্বর এবং শরীরে তীব্র ব্যথায় ভুগছেন। এখনও পর্যন্ত ব্যথার ওষুধ খেয়ে কাজ চালাচ্ছিলেন। বৃহস্পতিবার তাঁকে যদি যন্তর মন্তরে দেখা না যায়, তার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। সুস্থ হওয়ার জন্য কয়েক ঘণ্টা বিশ্রাম প্রয়োজন বলেও জানিয়েছেন দীপকে। তবে সন্ধ্যার মধ্যে তিনি ফের বিক্ষোভস্থলে ফিরে আসবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সিজেপি ২০ জুলাই ‘সংসদ চলো’ মিছিলের ডাক দিয়েছিল। এরপর বিপুল সংখ্যক ছাত্রছাত্রী বিক্ষোভে যোগ দেন। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।

