স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জুলাই : ত্রিপুরার ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদা পূরণে এবং অবশ্যই পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সূচিত হলো, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে। শুক্রবার আগরতলায় এনএইচপিসি লিমিটেড এবং ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড -এর মধ্যে একটি দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান এনএইচপিসির ১,৭২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কমলা জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর থেকে টানা ৪০ বছর এই চুক্তি কার্যকর থাকবে।
এই দীর্ঘ মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির মাধ্যমে এ রাজ্যের মানুষের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। একই সঙ্গে নবায়নযোগ্য ও সবুজ জ্বালানির ব্যবহার বাড়িয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে।
শুক্রবার আগরতলায় আয়োজিত দুই দিবসীয় ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে এনএইচপিসির পক্ষে জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) রঞ্জিত ঠাকুর এবং টিএসইসিএলের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) সুজাতা সরকার চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং (আইএএস) এবং টিএসইসিএলের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু। এছাড়াও এনএইচপিসি ও টিএসইসিএলের ঊর্ধ্বতন আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ত্রিপুরা সরকারের উদ্যোগে আয়োজিত ‘ডেস্টিনেশন ত্রিপুরা: বিজনেস কনক্লেভ ২০২৬’-এর অংশ হিসেবেই এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট মহলের মতে, এই চুক্তির ফলে ভবিষ্যতে ত্রিপুরার বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং রাজ্যে শিল্প, বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী বিদ্যুৎ অবকাঠামো গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

