স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১০ জুলাই : শুক্রবার কাঁকড়াবন স্কুল মাঠে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়। এইদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর অন্ন দাতাদের সাহায্য করার জন্য একের পর এক প্রকল্প লাগু করেছেন। কেন্দ্রীয় সরকারের লাগু করা প্রকল্প গুলি রাজ্যে যেন ১০০ শতাংশ বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে।
রাজ্যের পূর্বতন সরকার কৃষকদের ফসলের সহায়ক মূল্য প্রদান করে নি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বুঝতে পেরেছেন দেশের মূল আয়ের উৎস শক্তিশালী করা না গেলে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়া সম্ভব হবে না। তার জন্য প্রধানমন্ত্রী কৃষকদের শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছেন। কৃষকদের আয় দ্বিগুণ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ২০১৮ সালের পূর্বে রাজ্যে কৃষকদের আয় ছিল প্রতি মাসে প্রায় ৬ হাজার। বর্তমানে রাজ্যে কৃষকদের আয় প্রতি মাসে প্রায় ১৪ হাজার অধিক। রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ হয়ে গেছে। রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যে কাজ করেছে তা স্বার্থক হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন কেন্দ্রীয় বাজেটে কৃষি ক্ষেত্রে অর্থ বরাদ্দ পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। তার থেকে বুঝা যায় প্রধানমন্ত্রী কৃষকদের কথা ভাবেন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়ার সূচনা করেন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা।

