স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুলাই : রবিবার গভীর রাতে কমলপুর মহকুমার চানকাপ গ্রামে সি.আই.টি.ইউ-র কমলপুর মহকুমা কমিটির সম্পাদক দেবাশিস দাসের বাড়িতে দুষ্কৃতকারীরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এতে দেবাশিষ দাসের ঘরের সকল মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। সোমবার সকালে ঘটনার খবর পেয়ে সিপিআইএম ধলাই জেলা ও কমলপুর মহকুমা কমিটির নেতৃত্বরা দেবাশিস দাসের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। এইদিকে ঘটনার খবর পেয়ে বুধবার দেবাশিস দাসের বাড়িতে ছুটে যান সি.আই.টি.ইউ-র রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, রাজ্য কমিটির সদস্য নিরোধ সাহা, ধলাই জেলার সিপিআইএম সম্পাদক অঞ্জন দাস, নারী নেত্রী কল্যাণী রায় সহ অন্যান্যরা। তারা দেবাশিস দাসের ক্ষতিগ্রস্ত ঘর সরজমিনে ঘুরে দেখেন।
পরে সি.আই.টি.ইউ-র সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তিন দিন পূর্বে রাজনৈতিক দল আশ্রিত দুষ্কৃতিরা দেবাশিষ দাসের বাড়িতে পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে দেবাশিষ দাসের ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ২০১৮ সালের পর বিজেপি শাসনকালে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে চলছে। এই নিয়ে চার বার দেবাশিষ দাসের বাড়িতে আগুন লাগানো হয়েছে। দেবাশিষ দাসের অপরাধ সে মানুষের জন্য কথা বলে, মানুষের অধিকার নিয়ে লড়াই করে। রাজ্যের প্রশাসন শাসক দলের কব্জায় চলে গেছে।

