স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুলাই : ধর্মনগরে জুরি নদীতে এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল এক তরতাজা প্রাণ। মৃত যুবকের নাম শিবম দেবনাথ (২১)। মঙ্গলবার সকালে নদীতে তলিয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে খবর, ধর্মনগর শহরের ২০ নম্বর ওয়ার্ডের পদ্মপুর মহাদেব রোডের বাসিন্দা ছিলেন শিবম। মঙ্গলবার সকালে তিনি বাড়ির অদূরে জুরি নদীর পাড়ে গিয়েছিলেন। শিবম দীর্ঘ দিন ধরেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
নদীঘাটে পৌঁছানোর পর হঠাৎই তাঁর মৃগীর খিঁচুনি শুরু হয়। খিঁচুনির তীব্রতায় তিনি ভারসাম্য হারিয়ে নদীর জলে পড়ে যান এবং তলিয়ে যান। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীর ঘাটে ছুটে আসেন এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ধর্মনগর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধার কাজ। দীর্ঘ প্রচেষ্টার পর শিবমকে নদী থেকে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন। মাত্র ২১ বছর বয়সে শিবমের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন।

