স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন :কলাছড়া থাইলিক তুইসা রেল স্টেশনে পরিষেবা নিয়ে ক্ষোভ যাত্রী ও যান চালকদের। গত ২৪ জুন সংবাদ মাধ্যমে সাব্রুম মহকুমার কলাছড়া থাইলিক তুইসা রেল স্টেশনের বিভিন্ন সমস্যা তুলে ধরার পর কিছুটা তৎপরতা দেখা যায় রেল কর্তৃপক্ষের। অভিযোগের ভিত্তিতে রেল মন্ত্রকের একটি বিশেষজ্ঞ দল স্টেশনে এসে কিছু স্ট্রিট লাইট ও পাখা স্থাপন করে। তবে স্থানীয় রেল যাত্রী ও যান চালকদের দাবি, সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি।
তাদের অভিযোগ, স্টেশনে মোট ২২টি স্ট্রিট লাইট থাকলেও মাত্র ৮টি লাইট লাগানো হয়েছে। এছাড়া রেল স্টেশনে মাত্র দুটি পাখা বসানো হয়েছে, তাও পুরোনো ও ব্যবহৃত সামগ্রী। লাগানোর দিন থেকেই কয়েকটি লাইট ও পাখা অচল হয়ে পড়ে আছে বলে অভিযোগ করেন তারা। যাত্রীদের আরও অভিযোগ, সন্ধ্যা নামলেই গোটা রেল স্টেশন অন্ধকারে ঢেকে যায়। পর্যাপ্ত আলোর অভাবে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং স্টেশনে অপেক্ষা করতেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের সমস্যাও এখনও সমাধান করা হয়নি বলে দাবি করেন তারা। স্থানীয়দের বক্তব্য, সংবাদ প্রকাশের পর রেল কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ নিলেও তা অপর্যাপ্ত। দ্রুত স্টেশনের সব স্ট্রিট লাইট, পাখা ও পানীয় জলের ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু না করা হলে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন রেলযাত্রী ও যান চালকরা। এখন দেখার বিষয়, যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ কবে পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ করে।

