স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন :বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে গুলি কাণ্ডে গ্রেপ্তার আরও দুই অভিযুক্ত। এই ঘটনায় ধৃত মূল রণবীরের সঙ্গী অমন দেব ও রাহুল দেবনাথকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ অফিসটিলা স্থিত অমন দেবের বাড়ি ঘেরাও করে। পুলিশের আচ পেয়ে দুই অভিযুক্ত রাহুল দেবনাথ এবং অমন দেব পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। রণবীর দেবনাথ, মন সরকার সহ একাধিক মাফিয়া গ্রেপ্তারের পর পালিয়ে বেড়াচ্ছিল অমন ও রাহুল।
অবশেষে শুক্রবার গভীর রাতে অমনের বাড়ি থেকে রাহুল ও অমনকে গ্রেপ্তার করে পুলিস। বিশালগড় থানার ওসি জানান মার্চ মাসের ২১ তারিখ নেতাজিনগর এলাকার এক ঠিকেদারের বাড়িতে গুলি চালানো হয়েছিল। এই ঘটনায় যাদের নাম সামনে আসে, তাদের মধ্যে সকলকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজন অভিযুক্ত রাহুল ও অমন পলাতক ছিল। শুক্রবার রাতে জানতে পারেন অমন ও রাহুল এই দুই অভিযুক্ত অমনের বাড়িতে অবস্থান করছে। সাথে সাথে অমন দেবের বাড়িতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। এই মামলায় ইতিপূর্বে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত রাহুল ও অমনকে শনিবার আদালতে সোপর্দ করে পুলিশ।

