স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুন : প্রতি অর্থবর্ষে বাজেটে অর্থ রাশি বাড়লেও রাজ্যের একাধিক রাস্তার অবস্থা বড় ভয়াবহ হয়ে আছে। জাতীয় সড়ক থেকে শুরু করে সাধারণ রাস্তার দিয়ে পর্যন্ত যাতায়াত করার মত উপায় নেই। রাস্তা গুলি সংস্কারের অভাবে ভুগছে। বড়সুরমা-মড়াছড়া-দুর্গা চৌমুহনি-কচুছড়া সড়ক যেন মৃত্যুফাঁদ হয়ে আছে! জানা যায়, বছরের পর বছর ধরে রাস্তার বিভিন্ন অংশ খানাখন্দে ভরে গেলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো কার্যকরী উদ্যোগ চোখে পড়ছে না। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তার খানাখন্দ জল ভরে থাকছে, ফলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝার উপায় থাকে না। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও যেন দেখার কেউ নেই। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন রোগীবাহী যানবাহন, স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা। এলাকাবাসীর ক্ষোভ, সরকার উন্নয়নের নানা দাবি করলেও বাস্তবে এই গুরুত্বপূর্ণ সড়কের করুণ চিত্র সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার কথা তুলে ধরছে।
দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা মানুষের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে। রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত যানবাহন বিকল হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এবং সাধারণ মানুষের ভোগান্তি। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কোনো প্রাণহানি বা বড় ধরনের দুর্ঘটনা ঘটার অপেক্ষায় রয়েছে কি প্রশাসন? জনগণের করের টাকায় পরিচালিত দপ্তরগুলোর দায়িত্বহীনতা ও উদাসীনতার খেসারত কেন সাধারণ মানুষকে দিতে হবে? অবিলম্বে বড়সুরমা-মড়াছড়া-দুর্গাচৌমুহনি-কচুছড়া সড়ক সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা। তাদের একটাই দাবি—প্রতিশ্রুতি নয়, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করে জনদুর্ভোগের স্থায়ী সমাধান করা হোক।

