স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুন : কাগজে কলমে জল জীবন মিশন প্রকল্পের সুবিধা মিলছে রাজ্যের বড় অংশের জনগণের। কিন্তু বাস্তবে প্রশ্ন উঠছে জলজীবন মিশন নাকি জনভোগান্তির মিশন? এক বছরেও জল পায়নি লালছড়ি পারসি পাড়ার ৩০ পরিবার। ক্ষোভে ফুঁসছেন তারা। জানা যায়, আমবাসা মহকুমার অন্তর্গত লালছড়ি পারসি পাড়া এলাকায় জলজীবন মিশনের আওতায় পানীয় জলের সংযোগ ও পয়েন্ট স্থাপন করা হলেও দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে এক ফোঁটা জলও পাননি এলাকার বাসিন্দারা।
সরকারের বহুল প্রচারিত এই প্রকল্প বাস্তবে সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। জানা গেছে, এলাকায় প্রায় ৩০টি পরিবারের বসবাস। পানীয় জলের সমস্যা দূর করার উদ্দেশ্যে জলজীবন মিশনের অধীনে পাইপ লাইন ও জলের পয়েন্ট বসানো হয়। কিন্তু কাজ সম্পন্ন হওয়ার পরও আজ পর্যন্ত নিয়মিত জল সরবরাহ শুরু হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকার মানুষকে। ভুক্তভোগী পরিবারগুলির অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রতিবারই আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সমস্যার কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে আজও তাদের দূর-দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে।
বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হচ্ছে। স্থানীয়দের প্রশ্ন, কোটি কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের দাবি করা হলেও যদি সাধারণ মানুষের ঘরে জল না পৌঁছায়, তাহলে সেই উন্নয়নের মূল্য কোথায়? শুধু উদ্বোধন আর প্রচারের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে সরকারি প্রকল্প? এক বছরেরও বেশি সময় ধরে জল না পাওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসী। ক্ষুব্ধ বাসিন্দারা সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে অবিলম্বে জল সরবরাহ চালু করার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, আর আশ্বাস নয়, এবার বাস্তব সমাধান চাই। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রশ্ন উঠছে— উন্নয়ন কি শুধুই কাগজে-কলমে, নাকি সাধারণ মানুষের ঘরেও পৌঁছাবে তার সুফল?

