স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুন :গত দুই মাস ধরে বেতন মিলছে না। নিরুপায় হয়ে রেগা প্রকল্পের কর্মচারীরা জেলা শাসকের দ্বারস্থ হলেন। বুধবার ঊনকোটি জেলা শাসক মেঘা জৈনের কাছে ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা -এর এমজিএন আরইজিএ এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঊনকোটি জেলা কমিটি। সংগঠনের নেতা রঞ্জিত হোম জানান, কর্মীদের নিয়মিতকরণ, সময়মতো বেতন প্রদান, বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট বাড়ানো এবং অন্যান্য আর্থিক সুবিধা চালুর দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, মনরেগা কর্মীরা বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। জেলা শাসক দাবিগুলি মনোযোগ সহকারে শুনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বুধবার দুপুর ১২ টা নাগাদ খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভেদান্দ বৈদ্যর নিকট খোয়াই জেলার রেগার কর্মীরা এক ডেপুটেশন প্রদান করেন।
অভিযোগ প্রতিনিয়ত তাদের বেতন ভাতা নিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। কিছু দিন পরপরই সঠিকভাবে তাদের বেতন হয় না। যেখানে কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার রয়েছে এর পরও তাদের বেতন ভাতা নিয়ে কিছুদিন পর পরই সমস্যায় পড়তে হচ্ছে। এই দিকে সকাল সাতটা থেকেই তাদের কাজ শুরু হয়ে যায় সন্ধ্যা অব্দি তারা বিভিন্ন কাজকর্ম করতে হয়, তারপরও রেগার কর্মীদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। শাসক দল প্রতিনিয়তই বক্তব্যের মধ্যে বিভিন্ন জায়গায় তুলে ধরেন য়ে কর্মচারী এবং সাধারণ মানুষ কোন কিছুতেই সরকারের কাছে দাবি করতে হয় না সরকার স্বাভাবিক পদ্ধতিতে তাদের দাবিগুলি পরিপূরণ করে বলে দাবি করেন।
কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে তারা কিছুদিন পরপরই বেতন ভাতার এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতিনিয়ত ডেপুটেশন প্রদান করতে বাধ্য হচ্ছে। তাহলে রাজ্য সরকারের দেওয়া সেই প্রতিশ্রুতি গুলি কোথায় গেল সেটাই প্রশ্ন তাদের। এদিন উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শ্যামসুন্দর সূত্রধর সহ-সভাপতি দিলীপ কুমার দাস রাজ্য কমিটির সদস্য সুভাষ দেববর্মা এবং জেলা কমিটির সদস্য লব দেব সহ অন্যান্যরা।

