স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মে : বুধবার কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তারই প্রতিবাদে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সিপিআইএম-এর পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। বৃহস্পতিবার বিকালে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম নেতা পবিত্র কর সহ অন্যান্যরা।
মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিল শেষে করা হয় প্রতিবাদ সভা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, একদিকে বিজেপি অপরদিকে কংগ্রেস, উভয়ের কাছে প্রধান প্রতিপক্ষ হল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। এর অন্যতম শক্তি কেন্দ্র হল কেরালা। কেরালায় যদি মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে দুর্বল করা যায় তাহলে সারাদেশে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির আন্দোলনের গতি রুখে দেওয়া যাবে বলে মনে করে তারা। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আক্রমণ করার চেষ্টা করেছে। ইডি, সিবিআই, মিলিটারি দিয়ে নির্বাচন প্রহসন করে, ভোটের বাক্স লুট করে কোটি কোটি টাকার বিনিময়ে ভোট কিনে সরকার গঠন করার মধ্য দিয়ে তারা স্থায়িত্ব দীর্ঘস্থায়ী করতে পারবে না তারাও মনে করে না এবং মক্সবাদী কমিউনিস্ট পার্টিও বিশ্বাস করে না।
শক্তি মার্কসবাদী কমিউনিস্ট পার্টির আজকে দুর্বল হতে পারে। কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করতে পারে সিপিআইএম-এর নীতি, আদর্শ সঠিক। অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। মানুষের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। মানুষের কথা শুনতে হবে। তাদের প্রশ্নের জবাব দিয়ে তাদের মন জয় করে সিপিআইএম দলে সামিল করতে হবে। ইডি, সিবিআই দিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে গ্রেপ্তার করে যদি কেউ মনে করে সিপিআইএম-কে স্তব্ধ করা যাবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। সিপিআইএম লড়াইর ময়দানে রয়েছে, আগামী দিনেও থাকবে। তিনি আরো বলেন, ইডি দিয়ে যেভাবে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার চেষ্টা করেছে এটা হল স্বৈরাচার, নয়া ফ্যাসিবাদ। এটা শাসকদের শক্তির লক্ষণ নয়। দুর্বলতার লক্ষণ। এর তীব্র প্রতিবাদ জানায় সিপিআইএম। তিনি আরো বলেন, আরএসএস নেতৃত্বাধীন বিজেপির মূল উদ্দেশ্য হলো ভারত বর্ষ থেকে বিরোধী রাজনৈতিক দল মুক্ত করবে। বিরোধীদের আন্দোলন ও প্রতিবাদের ভাষা তারা কেড়ে নেবে। কিন্তু তাদের কাছে মাথা নত করবে না সিপিআইএম। স্পষ্ট ভাষায় বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

