স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মে : আমবাসার ডলুবাড়ি এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দীর্ঘ দেড় ঘণ্টা উদ্ধার কাজ না হওয়ায় মহকুমা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন। ঘটনা আমবাসা মহকুমা ডলুবাড়ি এলাকায়। পাথর বুঝাই একটি ডাম্পার গাড়ি যার নাম্বার টি আর ০৬ সি ১৭৬৩, গাড়িটি বাঁক নিতে গিয়ে রাস্তার পাশের একটি বন্ধ দোকানের উপর উল্টে যায়। খবর দেওয়া হয় ধলাই জেলা শাসকের নিকট এরপর একে একে পাঁচটি ড্রজার ঘটনাস্থলে আসে।
কোনভাবে গাড়িটিকে দাঁড় করানো হয়। ঘটনাস্থলে ছুটে আসে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এবং গাড়ির ভেতরে আটকে থাকা অবস্থাতেই তার অর্ধেক দেহ বের হয়ে আসতে প্রাথমিক চিকিৎসা করা হয়, পরবর্তী সময়ে কাটার দিয়ে গাড়ির একটি অংশ কেটে প্রায় দেড় ঘন্টা পর গাড়িচালক রহিম উদ্দিনকে উদ্ধার করা হয়।
তবে আজকের এই ঘটনা এবং বিগত বছর চাকমাঘাট ঘটে যাওয়া ঘটনা স্পষ্ট ভাবেই চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে মহকুমা প্রশাসনের ভূমিকা তলানিতে গিয়ে ঠেকছে। আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ের নাকের ডগায় ঘটনা ঘটলেও মহকুমা শাসককে দেখা যায়নি তার আশেপাশে। তবে স্থানীয় কয়েকজন যুবক এবং অগ্নিনির্বাপ দপ্তরের ভূমিকা প্রশংসনীয়। তাদের কারণে গাড়িচালককে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক জানান দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে দীর্ঘ সময় আটকে ছিল চালক। দীর্ঘ সময় প্রচেষ্টার পর গাড়ি চালককে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আহত গাড়ি চালকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি।ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হয়। ঘটনা ঘটার প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌছায় ট্রাফিক পুলিশ কর্মীরা। তারপর আসাম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

