বেজিং, ১৪ মে (হি.স.): তিন দিনের সফরে বুধবার চিনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট চিন সফরে গেলেন। ২০১৭ সালেও গিয়েছিলেন ট্রাম্পই। তাঁর এ বারের সফর ওয়াশিংটন এবং বেজিং উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। বাণিজ্যে স্থায়ী বোঝাপড়া থেকে শুরু করে বিরল খনিজ নিয়ে দরকষাকষির প্রসঙ্গ উঠে আসতে পারে আলোচনায়। পাশাপাশি, ইরান পরিস্থিতি এবং তাইওয়ানের প্রসঙ্গও উঠে আসতে পারে ট্রাম্প এবং শি জিনপিংয়ের আলোচনায়।
ট্রাম্পকে বৃহস্পতিবার গার্ড অফ অনার দেওয়া হয়। পরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ট্রাম্প ও জিনপিং। ট্রাম্পের সঙ্গে বৈঠকে শি জিনপিং ‘সংঘাত’ নয়, ‘সহযোগিতার’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত”। আবার ট্রাম্প বলেন, “চিন ও আমেরিকার সম্পর্ক আগের চেয়েও ভালো হতে চলেছে।”
জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আপনার এবং আমার পরিচয় এখন অনেক দিনের। প্রকৃতপক্ষে, আমাদের দুই দেশের যে কোনও প্রেসিডেন্টের মধ্যে এটিই দীর্ঘতম সম্পর্ক। আর এটা আমার কাছে একটি সম্মানের বিষয়। আমাদের সম্পর্কটি চমৎকার। আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া ছিল। যখনই কোনও অসুবিধা হয়েছে, আমরা তার সমাধান করে নিয়েছি। আমি আপনাকে ফোন করতাম, আর আপনি আমাকে ফোন করতেন। যখনই আমাদের কোনও সমস্যা হয়েছে, আমরা খুব দ্রুত তার সমাধান করে ফেলেছি এবং আমরা একসঙ্গে একটি চমৎকার ভবিষ্যৎ গড়তে চলেছি।”

