ওয়াশিংটন, ১৩ মে (হি.স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চিনের উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার তাঁর বেজিং পৌঁছানোর কথা রয়েছে। তাঁর এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক নজর রয়েছে।
সূত্র অনুযায়ী, সফরের সময় ট্রাম্প চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে বিভিন্ন বৈশ্বিক ইস্যু, বিশেষ করে বাণিজ্য শুল্ক (ট্যারিফ), উপসাগরীয় যুদ্ধ এবং বিরল খনিজ সংক্রান্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা। এটি ট্রাম্পের দ্বিতীয় চিন সফর। তাঁর মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা কমানো এবং ৫২৫ বিলিয়ন ডলারের বেশি মার্কিন রপ্তানিকে প্রভাবিত করা বাণিজ্য বিরোধের সমাধান করা।
হোয়াইট হাউস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ট্রাম্প বেজিং পৌঁছাবেন এবং বৃহস্পতিবার আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। সফরে তাঁর সঙ্গে আমেরিকান শীর্ষ কোম্পানির প্রতিনিধিরাও থাকবেন।
বৈঠকের আগে ট্রাম্প জানিয়েছেন, আলোচনার প্রধান বিষয় হবে বাণিজ্য সম্পর্ক এবং ইরান পরিস্থিতি। তিনি শি জিনপিংকে ‘ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেছেন।
এদিকে, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ )-এর কমিশনার মার্টি মাকারি পদত্যাগ করেছেন এবং কাইল ডায়ামান্টাসকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, ট্রাম্প সামাজিক মাধ্যমের এক পোস্টার সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেছেন, ইরান-সংক্রান্ত রিপোর্টিং যদি ভুয়ো তথ্য ছড়ায় তবে তা ‘দেশদ্রোহের’ মতো অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন।

