স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ এপ্রিল : সুশাসন জামানায় উপরমহল থেকে নিচু মহল সকলকেই ম্যানেজ করে চলছে বেআইনি কার্যকলাপ। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে পুকুর ভরাট করার কাজ। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইশ ঘড়িয়া এলাকায় পুকুর ভরাট করে চলছে ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য। এর প্রতিবাদে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সামনে এলো।
সংশ্লিষ্ট কৃষি প্রধান এলাকার স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় তিন বছরের বেশি সময় ধরে এলাকার মানুষ অল্প বৃষ্টি হলেই ঘরবন্দি হয়ে যাচ্ছে, ফলে কোমর জল ভেঙে দৈনন্দিন কাজে যেতে হয় এলাকাবাসীকে। তাদের অভিযোগ, এলাকার কাদের মিয়া নামে এক ব্যক্তি নিজের পুকুর ভরাট করতে গিয়ে কৃষি জমি পাশে থাকা ড্রেইন এবং পুকুর ভরাট করে ফেলেছেন, যার ফলে এই প্রতিবন্ধকতা তৈরি করে নিয়েছে। অল্প বৃষ্টি হলেই বাড়ির সামনে কোমর জল হয়ে যাচ্ছে। দু তিন দিন ধরে থাকে এই বৃষ্টির জমা জল। অপরদিকে রাস্তার অবস্থাও অত্যন্ত বেহাল। মাটি ফেলার কারণে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে আছে। রোগী নিয়ে যাতায়াত করতে পারে না গ্রামবাসী।
ছাত্র-ছাত্রীরাও বিদ্যালয় যেতে গেলে অত্যন্ত সমস্যার মুখে পড়ছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে স্থানীয়রা যখন এই ব্যাপারে প্রতিবাদী হচ্ছেন তখন এলাকার এক মাতবর তপন দত্তের অঙ্গুলি হ্যালনে কাদের মিয়া নাকি এই ব্যাপারে ভ্রুক্ষেপ করছে না। এলাকার মানুষদের অভিযোগ হচ্ছে গোটা সমস্যা জানিয়ে এলাকার স্থানীয় পঞ্চায়েত জনপ্রতিনিধিদের অবগত করেছেন , কিন্তু তারপরেও কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

