বাড়িরাজ্যরাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শহিদ জওয়ানের

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শহিদ জওয়ানের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মার্চ :  গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে সম্পন্ন হলো বক্সনগরের শহীদ বিএসএফ জওয়ান ওয়াসিম মিয়ার শেষকৃত্য। দেশের সেবায় আত্মত্যাগ করা এই বীর জওয়ানকে শেষ বিদায় জানাতে এলাকাবাসীর ঢল নামে। শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন বিধায়ক তফাজ্জল হোসেন, ৪৯ নং ব্যাটেলিয়ান কামথনা বিওপি-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট আমন যাদব, বিএসএফ জওয়ানরা সহ রাজ্য প্রশাসনের কর্মকর্তারা। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জওয়ানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

“ভারত মাতার জয়” ও “শহীদ ওয়াসিম মিয়া অমর রহে” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পুটিয়া হাই স্কুল মাঠে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয় জওয়ানকে। পরবর্তীতে তাঁর মরদেহ নিজ বাড়িতে নিয়ে গিয়ে ইসলামিক রীতি মেনে কবর দেওয়া হয়। এর আগে বিএসএফ-এর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সালামি প্রদান করা হয়। জাতীয় পতাকা তাঁর স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠে আকাশ, বাতাস। বিধায়ক এবং এক জওয়ানের কাছ থেকে জানা যায়, ওয়াসিম মিয়া ২০০৪ সালে ১৩৩ নং ব্যাটেলিয়ানে যোগদান করেন। বর্তমানে তিনি ছত্রিশগড়ে কর্তব্যরত ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটে ছত্তিশগড়ের একটি বেসরকারি হাসপাতালে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে বিশাল বাইক র‍্যালির মাধ্যমে তাঁর মরদেহ আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে পুটিয়া গ্রামে নিয়ে আসা হয়। পরিবারের রয়েছে স্ত্রী ও দুই কন্যা সন্তান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য