স্যন্দন ডিজিটাল ৮ জুলাই আগরতলা :- রাজধানী আগরতলার বটতলা এলাকায় বৃহস্পতিবার ঘটে গেল এক রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা। এক পথচারীকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করার অভিযোগে একটি গাড়িকে আটকাতে যায় ট্রাফিক পুলিশ। আর তখনই ঘটে নাটকীয় ঘটনা।
অভিযোগ, গাড়ির চালক কর্তব্যরত ট্রাফিক বিভাগের এএসআই বিপ্লব দত্তকে গাড়ির বনেটের ওপর তুলে বেপরোয়া গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মী এবং স্থানীয় ব্যবসায়ীরা গাড়িটি থামানোর চেষ্টা করলেও চালক কোনো নির্দেশ না মেনে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গেছে, প্রতাপগড় স্টিল ব্রিজের সামনে এসে চালক বনেটে থাকা এএসআই বিপ্লব দত্তকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আহত পুলিশ কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত গাড়িটির নম্বর শনাক্ত করেছে। ঘটনায় পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তারের লক্ষ্যে জোরদার তল্লাশি ও তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে ট্রাফিক বিভাগের ডিএসপি দুলাল দত্ত জানান, পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগে গাড়িটি আটকানোর চেষ্টা করা হলে চালক কর্তব্যরত এএসআইকে বনেটের ওপর তুলে নিয়ে পালিয়ে যায়। ইতোমধ্যেই গাড়িটির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

