স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ :ময়দানে এডিসি দখল নিয়ে বিজেপি ও তিপরা মথা ব্যস্ত। কিন্তু মানুষের দৈনন্দিন সমস্যাই সমাধান করতে পারছে না দায়িত্বে থাকা রাজনৈতিক দলগুলির জনপ্রতিনিধিরা। সাব্রুম মহকুমা বেতাগা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরি চন্দ্র পাড়ায় পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা চালিতাছড়ি থেকে মনুঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন।
অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। জনপ্রতিনিধিরা জল জীবন মিশনের মাধ্যমে জলের ব্যবস্হা করবে বলেছিল, কিন্তু সেটা এখনো অধরা রয়ে গেছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে অবরোধ গড়ে তুলে তাদের দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এলাকাবাসীদের দাবি, ভোটের জেতার পর স্থানীয় জনপ্রতিনিধি এলাকায় খুব একটা দেখা যায়নি।
এখন জল, বিদ্যুৎ সহ বিভিন্ন মৌলিক পরিষেবার দাবিতে বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। কুলের শিশুকে নিয়ে এক মহিলা বিক্ষোভকারী জানান লুঙ্গার জল দিয়ে আর কতদিন জীবনযাপন করবে তারা? শেওলাযুক্ত জল তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। অবরোধের ফলে চালিতাছড়ি-মনুঘাট সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়, যার ফলে ভোগান্তিতে পড়েন নিত্য যাত্রীরা। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু মুখরোচক আশ্বাস ছাড়া আর কিছুই দিতে পারেনি। এই মুখরোচক আশ্বাস কতটা সমস্যার সমাধান করবে সেটাই এখন বড় বিষয় বলে মনে করছে আম জনগণ।

