স্যন্দন ডিজিটাল আগরতলা ১৭ মার্চ :- মহিলা বিশ্বকাপ সহ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই ঐতিহাসিক সাফল্যের কারণে বিধানসভায় অভিনন্দন জানানো হলো ভারতীয় ক্রিকেট দলকে
ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো ২০২৫ সালের আইসিসি মহিলা একদিনের ক্রিকেট বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই ঐতিহাসিক সাফল্যের জন্য সমগ্র ভারতবাসী গৌরবান্বিত বোধ করছে।
গত বছরের ২ নভেম্বর, নভি মুম্বাইয়ের ড. ডি. ওয়াই. পাটিল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইন্যালে ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা দখল করেছে।
এদিকে আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষদের ODI বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।
২০২৬ এর ৬ ফেব্রুয়ারি ভারতের অনূর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দল আইসিসি অনুর্ধ-১৯ পুরুষদের ৫০ ওভারের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা, দলগত ঐক্য ও ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। টসে জয়লাভ করে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রানের বিশাল রান গড়ে তোলে। জবাবে ইংল্যান্ড ক্রিকেট দল ৪০.২ ওভারে ৩১১ রানে অল-আউট হয়ে যায়। এর ফলে ভারত ১০০ রানের সুবিশাল ব্যবধানে ফাইনাল ম্যাচে জয়লাভ করে।
এই জয়ের মাধ্যমে ভারত ষষ্ঠবারের মতো অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট শিরোপা অর্জন করল।
এদিকে চলতি বছরের ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ড কে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে তৃতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে নির্ধারিত ২০ ওভারে ভারতের ৫ উইকেটে ২৫৫ রানের জবাবে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৯ ওভারে ১৫৯ রানে।
ত্রিপুরা বিধানসভা ভারতীয় মহিলা ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব ১৯ ভারতের পুরুষ দল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিমের সাপোর্টিং স্টাফদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় মঙ্গলবার। অভিনন্দন প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অধ্যক্ষের সেই অভিনন্দন প্রস্তাবকে সমর্থন জানান শাসক ও বিরোধী ব্যাঞ্চ এর বিধায়কেরা।

