স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ :দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় তেলিয়ামুড়া শহর সংলগ্ন একাধিক এলাকায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। অভিযোগ, তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের ডিভিশন–২ এর অন্তর্গত বাইশঘরিয়া, মহারানীপুর সহ আশপাশের এলাকা গুলিতে সোমবার দুপুর প্রায় তিনটা থেকে রাত দশটা পেরিয়ে গেলেও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন অবস্থায় থাকে।
এদিকে বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় এই সময়ে বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী রাত ১০টা নাগাদ তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের কার্যালয়ে ছুটে যান। অভিযোগ, সেখানে গিয়ে দেখা যায় কার্যালয় কার্যত কর্মী শূন্য অবস্থায় আছে। বিদ্যুৎ নিগমের অফিসে বিদ্যুৎ থাকলেও সেখানে কোনো কর্মীর উপস্থিতি ছিল না বলে দাবি করেন স্থানীয়রা। পাশাপাশি দপ্তরের একাধিক ফোন নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেনি বলেও অভিযোগ ওঠে।
এই পরিস্থিতি প্রত্যক্ষ করে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। সংবাদমাধ্যমের সামনে তারা অভিযোগ করে বলেন, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দীর্ঘদিন ধরেই চরম গাফিলতি করে চলেছেন। বিদ্যুৎ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ একটি দপ্তরে অফিস কর্মীশূন্য থাকাটা অত্যন্ত উদ্বেগজনক বলেও দাবি করেন তারা।
এছাড়াও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ প্রায়ই রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের কথা বললেও তেলিয়ামুড়ার বাস্তব চিত্র ভিন্ন বলেই অভিযোগ স্থানীয়দের। তারা বিদ্যুৎ মন্ত্রীকে তেলিয়ামুড়ায় এসে বিদ্যুৎ নিগমের এই গাফিলতির চিত্র সরেজমিনে দেখার আহ্বান জানান। তবে দীর্ঘক্ষণ বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে অপেক্ষা করেও কোনো কর্মীর দেখা না মেলায় ক্ষোভ আরও বাড়ে বলে জানান স্থানীয়রা।

