স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১০ মার্চ : জল জীবন মিশন প্রকল্প যেন মুখ থুবড়ে পড়েছে পশ্চিম কাঞ্চনমালা এলাকায়। বর্তমান সরকারের আমলে জল জীবন মিশন প্রকল্পের আওতায় শহর কিংবা গ্রামে প্রচুর পাম্প মেশিন বসানো হয়েছে, আর সেই মেশিনের জল পাইপ লাইনের মাধ্যমে প্রতিটি পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছে।
জল জীবন মিশন এর সেই পানীয় জল যদি মুখ থুবড়ে পড়ে তাহলে সাধারণ মানুষ কোথা থেকে পাবে জল! ডুকলী আর ডি ব্লকের অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন সরকারি কোষাগরের বহু টাকা ব্যয় করে মানুষের কাছে জল পৌঁছানোর জন্য একটি পাম্প মেশিন বসানো হয়। এই পাম্প মেশিন থেকে পশ্চিম কাঞ্চনমালা এলাকার বিভিন্ন জায়গায় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানো হয়। এরই মধ্যে গত ৮-১০ দিন ধরে পশ্চিম কাঞ্চনমালা এলাকার মানুষ জল পাচ্ছে না।
এলাকাবাসীরা ডি ডব্লিউ এস দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছে অবিলম্বে যেন পানীয় জলের বন্দোবস্ত করা হয়। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় গত ১০ দিন ধরে একেবারেই জল মিলছে না তাদের। জল সংকটে তারা ভুগছেন। এই পরিস্থিতির জন্য এলাকার পাম্প অপারেটরকে তারা দোষারোপ করেন। কিন্তু আসলে কার গাফিলতি সেটা এখন ভালো বলতে পারবে সংশ্লিষ্ট দপ্তর।

